জনপ্রিয় অভিনয়শিল্পী বিদ্যা সিনহা সাহা মিম বর্তমানে কাজ করছেন বেশ কিছু সিনেমায়। সম্প্রতি ওয়েব সিরিজেও অংশ নিয়েছিলেন। সাম্প্রতিক কাজ নিয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে।
এই সময়ে...
সময়টা বেশ ভালোই যাচ্ছে। যদিও করোনার কারণে আগের চেয়ে কাজ কম হচ্ছে তারপরও একেবারে বসে নেই। টুকটাক কাজ করছি।
ব্যস্ততা…
সম্প্রতি একটা বিজ্ঞাপনে কাজ করলাম। সামনে যেহেতু ব্রাইডালের সময় আসছে। ফলে কিছু ব্রাইডাল ফটোশুটও করছি। এ ছাড়া আমার হাতে একটা স্ক্রিপ্ট আছে। সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। নতুন সিনেমার বিষয়ে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারব না। তবে এতটুকু বলতে পারি যে, এটির কাজ শুরু হবে নভেম্বর মাস থেকে।
তাহসানের সঙ্গে জুটি…
সম্প্রতি তাহসানের সঙ্গে স্বল্পদৈর্ঘ্য, নাটকসহ ওয়েব সিরিজেও কাজ করলাম। বেশ কিছু কাজই করলাম। আগেও কাজ করেছি। তাহসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক ভালো। বেশ কিছু কাজ করার ফলে আমাদের জুটিটাকে অনেকেই পছন্দ করছেন। তাহসানের সঙ্গে আমার বোঝাপড়াটাও ভালো। সেজন্য কাজ করতেও কোনো সমস্যা হয় না।
অসমাপ্ত সিনেমা…
রায়হান রাফি’র পরানের কাজ শেষ হয়েছে। আর ‘ইত্তেফাক’ সিনেমার কিছু কাজ বাকি আছে। কবে বাকি কাজ শুরু হবে তা আমি নিজেও জানি না।
করোনা পরবর্তী সময়ে শুটিংয়ের অভিজ্ঞতা…
এখন তো কাজ করা একটু মুশকিল, তারপরও সব মেনটেইন করেই কাজ করতে হচ্ছে। যেভাবে কাজ করা যায় সেভাবেই করছি। যতটা সতর্ক থাকা যায়, কারণ কাজ তো করতেই হবে।