নড়াইলের আশ্রয়ণ প্রকল্পে মাশরাফীর জন্মদিন

সোমবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার ৩৮তম জন্মদিন। একই সাথে তার ছেলে সাহেল মোর্ত্তজারও জন্মদিন।

এ উপলক্ষে নড়াইলে এদিন নানা আয়োজন ও কর্মসূচির মধ্যদিয়ে মাশরাফী ও তার ছেলের জন্মদিন পালিত হয়েছে।

মাশরাফীর জন্মদিন উপলক্ষে সদর উপজেলার নকশি বহুমুখী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ৬০ কেজি মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস. এম পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, জেলা যুবলীগ নেতা খোকন সাহাসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মী ও আশ্রয়ণ প্রকল্পবাসীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া রঘুনাথপুর আশ্রয়ণ প্রকল্পসহ জেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেককাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগসহ ও বিভিন্ন অঙ্গসংগঠনসহ ক্রীড়া সংগঠনগুলো নানা আয়োজনে মাশরাফীর জন্মদিন পালন করেছে।

এদিকে মাশরাফী ও তার ছেলে সাহেলের জন্মদিনে নড়াইলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ শ্রেণিপেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। ফেইসবুক জুড়ে ছিল মাশরাফীর উদ্দেশ্যে নানা অভিনন্দন বার্তা।

মাশরাফী বিন মোর্ত্তজা ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের আলাদাতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। মাশরাফীর বাবার নাম গোলাম মোর্ত্তজা স্বপন এবং মাতার নাম হামিদা বেগম বলাকা।