দিনাজপুরের হাকিমপুরে অনুমোদনহীনভাবে পরিচালনার দায়ে দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ করে দেওয়া হয়।
গতকাল সোমবার দুপুরে হিলির বিভিন্ন এলাকায় অবস্থিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এই জেল ও জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাফিউল আলম। রাফিউল আলম বলেন, মেহেরুন নেছা নামের একটি ক্লিনিক কোনো ধরনের লাইসেন্স ও চিকিৎসক-নার্সের সুবিধা ছাড়াই পরিচালনা করছিল। এই অপরাধে ওই ক্লিনিকের মালিক মেহের আলীকে সাত দিনের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, একই সঙ্গে ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া, মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিক মনিরকে ১৫ দিনের জেল ও তার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়। এ সময় সেবা ডায়াগনস্টিক সেন্টারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।