তরুণরাই উদ্ভাবনী হিসেবে জাতিকে পরিচয় করাবে : পলক

মেধাবী তরুণরাই বাংলাদেশকে উদ্ভাবনী জাতি হিসেবে পরিচয় করাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘দেশীয় ও বৈশি^ক বিভিন্ন সমস্যার প্রযুক্তিগত উদ্ভাবনী সমাধানে সরকার দেশের শিক্ষার্থী ও তরুণদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে। দেশের মেধাবী তরুণরাই আগামীতে দেশীয় ও বৈশি^ক বিভিন্ন সমস্যার সমাধান করে বিশ্বে বাংলাদেশকে উদ্ভাবনী জাতি হিসেবে পরিচয় করাবে।’ গতকাল রবিবার ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২০’ প্রতিযোগিতার সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার জন্য সরকার উদ্ভাবন ও স্টার্টআপকে উৎসাহিত করছে। ইতিমধ্যে ১৩০টি স্টার্টআপকে অর্থায়ন করা হয়েছে। আরও স্টার্টআপকে অর্থায়ন করার জন্য স্টার্টআপ কোম্পানি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আইসিটি বিভাগ বুয়েটে একটি রোবটিক ল্যাব প্রতিষ্ঠা করে দিয়েছে, যেখানে শিক্ষার্থীরা ফ্রন্টিয়ার প্রযুক্তিতে গবেষণা করার সুযোগ পাচ্ছে। বাংলাদেশের তরুণরা নতুন নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। তারা আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে অংশ নিয়ে ছয়টি মূল পুরস্কারের মধ্যে একটি সিলভার ও একটি বেস্ট প্রেটোটাইপ অ্যাওয়ার্ড এবং ১২টি দলই অ্যাওয়ার্ড অব মেরিট পেয়েছে।

‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২০’ প্রতিযোগিতা আয়োজনের পার্টনার আইসিটি ডিভিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), এলআইসিটি প্রকল্প ও ক্লাউড ক্যাম্প। নাসা আন্তর্জাতিকভাবে এ বছর বিশে^র ২৫০টি শহরে এ প্রতিযোগিতার আয়োজন করছে, যার মধ্যে বেসিস বাংলাদেশের নয়টি শহরে ২ থেকে ৪ অক্টোবর এ প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২০’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশের ৯ জেলার বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের নাম ঘোষণা করেন।