‘পাকিস্তান আমলেও ২৫ মার্চের আগে এমন ঘটনা আছে কিনা জানা নেই’

নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বর্তমানে যে অবস্থা চলছে পাকিস্তান আমলেও ২৫ মার্চের আগে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই।’

তিনি বলেন, ‘আজকে রাষ্ট্র যখন এত অমানবিক এবং আমরা রাষ্ট্রের যখন এই নিষ্ঠুর চরিত্র দেখি, তখন জনপদের পর জনপদে কেন এ রকম অপকর্ম দেখা যাবে না?’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন, ধর্মীয় মূল্যবোধ ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা বিপন্ন; আমরা রাস্তাঘাটে চলতে ভয় পাচ্ছি। এমনকি মেয়ে মানুষদের নিয়ে নিজের ঘরে থাকতে ভয় পাচ্ছি। এমসি কলেজের এই নৃশংস ঘটনার পরে আবার সেই বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনা ঘটলো।’

‘আর আমাদের মন্ত্রীরা কী বলছেন? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন- বিশ্বের দিকে তাকিয়ে দেখেন কোথায় ধর্ষণ নাই। তথ্যমন্ত্রী বলছেন- বিএনপি আশ্রয়-প্রশ্রয় ধর্ষণ হচ্ছে’ যোগ করেন বিএনপি মুখপাত্র।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। এই ১২ বছরে দলটি লুটেরা, টাকা পাচারকারী ও নারীদের সম্ভ্রম হরণকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতা হিসেবে পরিচিত হয়েছে।’

রিজভী বলেন, আওয়ামী লীগের সময়ে এমন প্রশাসন তৈরি হয়েছে যে নির্যাতিত মানুষ সেখানে গিয়ে কমপ্লেইন (অভিযোগ) করতে পারে না। দুষ্কৃতকারীরা এতই ভয়ঙ্কর যে, বেগমগঞ্জের ওই নারী অভিযোগ করার পর্যন্ত সাহস পায়নি। ভয়ে নিজের এলাকা ছেড়ে চলে গেছেন।’

‘অথচ কালকে আমরা একটা মিছিল করি দেখবেন পুলিশ পেছন থেকে টপাটপ করে বিএনপির নেতাকর্মীকে কীভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়। এখানে তারা দারুণ নৈপুণ্য ও দক্ষতা দেখিয়েছে। বিরোধী দলকে দমন করার জন্য ক্রসফায়ার দেয়ায় এত দক্ষ যে এদের তুলনা হয় না। কিন্তু সাধারণ মানুষেরা আক্রান্ত হওয়ার পর প্রশাসনের কাছে যেতে পারছে না’ যোগ করেন তিনি।

ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা শাহ্ নেছারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।