হবিগঞ্জের নবীগঞ্জে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৬জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৩ জন অজ্ঞাত।
নবীগঞ্জ উপজেলার কালাভরপুর গ্রামের গৃহবধূর (২৬) উদ্ধৃতি দিয়ে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, গত রোববার বিকেলে একটি সিএনজি অটোরিকশায় শেরপুর থেকে মজলিশপুর যাচ্ছিলেন ওই নারী। সিএনজি চালক আরও ৩ জন চালককে সঙ্গে নিয়ে ওই গৃহবধূকে হাত পা, মুখ বেঁধে রাতভর বিভিন্ন স্থানে ঘুরতে থাকে। রাত ১২ টায় আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে এনে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
এদিকে গৃহবধূ ধর্ষিত হওয়ার খবর ফেসবুকে প্রকাশ হলে নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী ও নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশের দুইটি টিম ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম গৃহবধূকে উদ্ধারসহ তার বক্তব্য গ্রহণ করেন।
এ ব্যাপারে এএসপি পারভেজ আলম চৌধুরী বলেন, ‘ওই গৃহবধূর অসংলগ্ন বক্তব্যের কারণে মূল ঘটনাটি উদ্ঘাটন করতে আমাদের বিলম্ব হচ্ছে। আমরা নিবিড়ভাবে তদন্ত করে মূল ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করছি।
নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ধর্ষণের ব্যাপারটি নিশ্চিত হওয়া যাবে।