বিএনপির নির্বাচনী সভায় ভোট চাইলেন নৌকার প্রার্থী

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভায় উপস্থিত হয়ে নৌকা প্রতীকে ভোট চাইলেন আওয়ামী লীগ প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী ।

মঙ্গলবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের দাউদকান্দির বাসভবনে পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে উপস্থিত হন মোহাম্মদ আলী।

তিনি ড. খন্দকার মোশাররফ হোসেনের হাতে নৌকা প্রতীকের লিফলেট দিয়ে ভোট প্রার্থনা করেন ও ২০ অক্টোবর নির্বাচনে দলীয় প্রভাবে নয় উন্নয়নের কথা ভেবে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নৌকার প্রার্থী মোহাম্মদ আলী এখানে উপস্থিত হয়ে অহিংস রাজনীতির সূচনা করলেন। সে একজন বিচক্ষণ এবং তরুণ রাজনীতিবিদ। আমি তার জন্য দোয়া করি।

তিনি আরও বলেন, কিন্তু বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল এই দলের প্রার্থীকে ছোট করে দেখার কোন অবকাশ নেই। আমরা বিশ্বাস করি আসন্ন নির্বাচন দল-মত-নির্বিশেষে সুষ্ঠু এবং অবাধ হবে।

ছবি: দাউদকান্দিতে বিএনপির মতবিনিময় সভায় ড. মোশাররফ হোসেনের হাতে নৌকা প্রতীকের লিফলেট দিয়ে ভোট চাইছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী ।