নারী ও শিশু নির্যাতন

বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের কর্মসূচি

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর ওপর নারকীয় বীভৎসতা, সিলেটের এমসি কলেজে নববধূর সম্ভ্রমহানিসহ সারা দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নারী ও শিশু অধিকার ফোরাম। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ৮ অক্টোবর বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান কর্মসূচি, ১০ অক্টোবর জেলায় জেলায় মানববন্ধন ও ১১ অক্টোবর ঢাকাসহ সারা দেশে জেলা আদালত প্রাঙ্গণে সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি  দেওয়া হবে। গতকাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান।

বেগম সেলিমা রহমান বলেন, ‘সারা দেশে যেভাবে নারী ও শিশু নির্যাতনের সহিংসতা বেড়েছে তা নজিরবিহীন। আজ দেশের মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না। সকলকে এক হয়ে নিপীড়ক- দুষ্কৃৃতকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’