‘স্নায়ুযুদ্ধ’ মনোভাব পরিহার করতে যুক্তরাষ্ট্রকে আরও একবার আহ্বান জানিয়েছে চীন। জাপান সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র কড়া সমালোচনা করে বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি বিদ্বেষপ্রসূতভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করছেন এবং চীনের ব্যাপারে দুর্নাম রটাচ্ছেন।
মঙ্গলবার জাপানে সফরে যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পম্পেও। চীনের বিষোদগার করে করার পাশাপাশি দেশটির আঞ্চলিক প্রভাব রুখতে অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান তিনি।
পম্পেও’র এসব বক্তব্যের জবাবে বুধবার বিবৃতি দিয়েছে জাপানের চাইনিজ দূতাবাস। তাতে বলা হয়েছে- “পম্পেও ক্রমাগতভাবে চীন সম্পর্কে মনগড়া মিথ্যা বলে যাচ্ছে এবং বিদ্বেষপূর্ণভাবে রাজনৈতিক বিরোধ তৈরি করেছেন।”
“আমরা যুক্তরাষ্ট্রকে আবারও স্নায়ু যুদ্ধের মনোভাব এবং মতাদর্শগত কুসংস্কার পরিহার করার আহ্বান জানাচ্ছি। চীনকে অনর্থক অভিযোগ দেওয়া এবং আক্রমণ করে কথা বলা বন্ধ করুন। গঠনমূলক মনোভাব নিয়ে চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন।”
এক বছরের বেশি সময় পর পূর্ব এশিয়া সফরে এসেছেন পম্পেও। এই সময়ে বাণিজ্য, করোনাভাইরাস, হংকং ও দক্ষিণ চীন সাগরে আধিপত্যসহ নানা ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও খারাপের দিকে মোড় নিয়েছে।
এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আধিপত্য রুখতে কোয়াডভুক্ত দেশ- যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়াকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পম্পেও।