পুতিনের জন্মদিনে নতুন রুশ হাইপারসনিক মিসাইল উৎক্ষেপণ (ভিডিও)

রাশিয়া জানিয়েছে, দেশটি নতুন একটি হাইপারসনিক অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে দেশের জন্য ‘বড় ঘটনা’ বলে মন্তব্য করেছেন।

আলজাজিরা জানায়, পুতিনের জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাশিয়া এ মিসাইল উৎক্ষেপণ করল। বুধবার পুতিন ৬৮ বছরে পা দেন।

রাশিয়ার শ্বেত সাগরের উপকূলে অ্যাডমিরাল গোরশকভ ফ্রিগেইট থেকে মিসাইলটি ছোড়া হয়।

রুশ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ জানান, এ প্রথম মিসাইলটি সাগরে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিসাইলটির উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন পুতিন। রুশ প্রেসিডেন্টকে পুরো বিষয়টির বর্ণনা দেন গেরাসিমভ।

রুশ সমরাধিনায়ক জানান, শ্বেত সাগরের উপকূল থেকে ছোড়া মিসাইলটি শব্দের চেয়ে আটগুণ গতিতে ব্যারেন্টস সাগরে ৪৫০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

পুতিন বলেন, ‘এই হারপারসনিক মিসাইলটির পরীক্ষা শুধু আমাদের রুশ বাহিনীর জন্যই নয়, রাশিয়ার সবার জন্য বড় ঘটনা।’