দীর্ঘ সময় কাঁধে কাঁধ রেখে খেলেছেন, একই ড্রেসিং রুম ভাগাভাগি করেছেন। অথচ সবশেষ দুই বছর কোনো দেখা বা কথাবার্তা নেই ক্রিস্তিয়ানো রোনালদো ও সার্জিও রামোসের!
২০১৮ সালের জুলাইয়ের রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসের পাড়ি দেন রোনালদো। এর ফলেই দুজনের এই দূরত্ব। তবে সেটির অবসান ঘটতে যাচ্ছে বুধবার রাতে। এদিন বাংলাদেশ সময় পৌনে ১টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে রামোসের স্পেন ও রোনালদোর পর্তুগাল।
রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে গেলেও দলটির ড্রেসিং রুমে সর্বোচ্চ শ্রদ্ধা ধরে রেখেছেন। যদিও ২০১৮ সালে রোনালদোকে পেছনে ফেলে লুকা মদ্রিচ ব্যালন ডি’অর জিতেছিলেন। এ সময় রোনালদো যেভাবে মদ্রিচের দিকে তাকিয়েছিলেন, তা ভালোভাবে নেয়নি তার সাবেক ক্লাব সতীর্থরা।
অদ্ভুত একটা ব্যাপার হলো, রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর রামোসের সঙ্গে তার দেখা হয়নি। দুজন একে অপরের সঙ্গে যোগাযোগও বজায় রাখেনি। যদিও রিয়ালে তারা দুজন মিলে অনেকগুলো শিরোপা জিতেছেন।
অবশেষে বুধবার তাদের দেখা হচ্ছে। নিঃসন্দেহে ম্যাচের আগে তারা কথা বলবেন। নিজেদের মধ্যে অভিজ্ঞতা ভাগাভাগি করবেন। তবে ম্যাচ শুরু হলে দুজনই নিজ দেশকে জেতানোর জন্য ঝাঁপাবেন।
রোনালদো অবশ্য সবশেষ এল-ক্লাসিকোতে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে উপস্থিত ছিলেন। তবে তিনি যখন মাঠে পৌঁছান তখন ম্যাচ শুরু হয়ে গিয়েছিল। আর ম্যাচ শেষ হওয়ার আগেই চলে এসেছিলেন। অর্থাৎ সেদিন তিনি তার সাবেক ক্লাবের ড্রেসিং রুমে যেতে পারেননি। সাবেক ক্লাব সতীর্থ, কোচদের সঙ্গে দেখাও হয়নি তার।