গাঁজা খাওয়ার টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়েছেন ফরিদ মোল্লা (৫০) নামে এক ভ্যানচালক। গতকাল বুধবার সকালে রাজধানীর কদমতলী থানার দনিয়া এলাকায় নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তেপাঠিয়েছে পুলিশ। মৃতের স্বজনরা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ফরিদকে ফ্যানে ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
বরগুনা আমতলী উপজেলার গেরবুনিয়া গ্রামের মৃত আবদুল খালেক মোল্লার ছেলে ভ্যানচালক ফরিদ দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রী শহরবানুকে নিয়ে দনিয়া এলাকার পুরাতন এ কে স্কুল গলির ৭৬৬ নম্বর ইলিয়াসের বাড়িতে ভাড়া থাকতেন।
কদমতলী থানার এসআই মো. সাইদুল ইসলাম জানান, ‘ভ্যানচালক ফরিদের স্ত্রী বাসাবাড়িতে কাজ করেন। তবে ফরিদ মাদকাসক্ত হওয়ায় ঠিকমতো কাজ করতেন না, টাকার জন্য মাঝেমধ্যেই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। গত মঙ্গলবার রাতেও ফরিদ তার স্ত্রীর কাছে গাঁজা খাওয়ার জন্য টাকা চান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কিতে ফরিদের ঠোঁট ফেটে যায়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন পাশের রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।’