‘মানবাধিকার সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ’

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বলেছেন, বাংলাদেশ উন্নয়ন-অধিকারসহ মানবাধিকার সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গত সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান অধিবেশনের আওতায় তৃতীয় কমিটির সাধারণ বিতর্কে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। গতকাল বুধবার স্থায়ী মিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

রাবাব ফাতিমা বলেন, ‘বাংলাদেশ তার জনগণের সব মানবাধিকারের সুরক্ষা ও অগ্রসরতায় কাজ করে যাচ্ছে। এসময় তিনি দেশের সামাজিক উন্নয়ন, নারী ও শিশু মানবাধিকার রক্ষা, আইনের শাসনের কথা উল্লেখ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ, মাদক, সাইবার অপরাধের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাইবার অপরাধ দমনে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন।

মহামারী করোনাভাইরাস সৃষ্ট সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত সুরক্ষা কর্মসূচির কথা উল্লেখ করেন রাবাব ফাতিমা। জাতিসংঘ মহাসচিব কর্র্তৃক গঠিত তৃতীয় কমিটিতে দাখিলকৃত বিভিন্ন প্রতিবেদনে মানবাধিকার রক্ষাসহ সামাজিক খাতে বাংলাদেশের অর্জনসমূহের যে স্বীকৃতি দেওয়া হয়েছে তা তুলে ধরেন তিনি।

রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টিও কমিটির কাছে তুলে ধরেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি। সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। কভিড-১৯ এর দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন রাবাব ফাতিমা। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। মহামারীর কারণে এসডিজি অর্জন যাতে বাধাপ্রাপ্ত না হয় এজন্য বিকল্প কর্মসূচি নেওয়ার আহ্বান জানান তিনি।