তিন খাতের উন্নয়নে বাংলাদেশ এখন আত্মনির্ভরশীলতার দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, ‘পলিসি সাপোর্ট, সক্ষমতা তৈরি এবং অবকাঠামো উন্নয়নের কারণেই কভিড-১৯ মহামারীকালে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে অনলাইনে।’
গতকাল বুধবার আগারগাঁওয়ে বিসিসি মিলনায়তনে এলআইসিটি প্রকল্প এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) যৌথ উদ্যোগে আয়োজিত আইটি-আইটিইএস খাতের ব্যবস্থাপনা পেশাজীবীদের জন্য ‘অ্যাডভান্সড সার্টিফিকেশন ফর ম্যানেজমেন্ট প্রফেশনাল (এসিএমপি) ৪.০ গ্রীষ্মকালীন ২০২০’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, পলিসি সাপোর্টের কারণেই আজ দেশে আইসিটি শিল্পের প্রসার ঘটছে। দেশেই উৎপাদিত হচ্ছে ল্যাপটপ, মোবাইল ফোন। সক্ষমতা তৈরি করা হচ্ছে দেশেই। যার প্রমাণ আজকের এই এসিএমপি ৪.০ কোর্সে বিশ^মানের প্রশিক্ষণ। বিদেশ গিয়ে এই প্রশিক্ষণ নিতে ১০ গুণ বেশি খরচ হতো।