ত্রিপাঠির ব্যাটে চেন্নাইকে হারাল কলকাতা

চেনা রূপে ফেরার বার্তা দিয়ে ফের পথ হারাল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বুধবার রাতে ১৬৮ তাড়া করতে পারেনি দলটি। হেরেছে ১০ রানে।

অথচ আগের ম্যাচেই কিংস ইলেভেন পাঞ্জাবের দেওয়া ১৭৯ রান তাড়া করে ১০ উইকেটে জিতেছিল দলটি।

আবুধাবিতে এদিন টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল কলকাতা। রাহুল ত্রিপাঠির দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৬৭ রান করে দলটি। ত্রিপাঠি ৫১ বলে ৮১ রান করেন ৮ চার ও ৩ ছক্কায়।

১৬৮ রান তাড়া করতে নেমে ইনিংসের ১৫ ওভার পর্যন্ত ম্যাচের রাশ নিজেদের হাতে রেখেছিল চেন্নাই। কিন্তু এরপর একের পর এক উইকেট হারিয়ে প্রতিপক্ষের হাতে ম্যাচ তুলে দেয় ধোনির দল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রানের বেশি তুলতে পারেনি চেন্নাই।

কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিক ছয় জন বোলার ব্যবহার করেছেন। তাদের ৫ জনই ১টি করে উইকেট নিয়েছেন।

এই জয়ের ফলে ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এল কলকাতা। আর ৬ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে চেন্নাই।

চেন্নাইয়ের পক্ষে এদিন শেন ওয়াটসন সর্বোচ্চ ৫০, অম্বতি রাইডু ৩০ রান করেন। দারুণ ব্যাটিংয়ে কলকাতার রাহুল ত্রিপাঠি হয়েছেন ম্যাচসেরা।