শেরপুর শহরের মোল্লাপাড়া মহল্লায় বাসায় ঢুকে বিদেশে মিশনে অবস্থানরত এক সেনা সদস্যের স্ত্রীকে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, শেরপুর সদর উপজেলার চরশেরপুর নয়াপাড়ার সফিকুল ইসলামের মেয়ে সৌরভীর বিয়ে হয় পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার আব্দুল হালিমের ছেলে সেনা সদস্য নাজিম উদ্দিনের সঙ্গে। বর্তমানে সুদানে রয়েছেন সেনা সদস্য নাজিম উদ্দিন। তাদের দুই সন্তান নিয়ে স্ত্রী সৌরভী বসবাস করে আসছিলেন শেরপুর জেলা শহরের মোল্লাপাড়া মহল্লার নিজ বাসায়।
গত রাতে কোন এক সময় দুর্বৃত্তরা প্রথমে বাসার বিদ্যুতের লাইন কেটে দেয়। পরে বাসায় ঢুকে সৌরভীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে ফেলে রেখে যায়। তবে বাসার কোন মালামাল নিয়ে যায়নি বলে স্বজনরা জানান।
এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সৌরভীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানিয়েছেন, ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। তদন্ত সাপেক্ষে খুব দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।