বাঁশ দিয়ে 'পুনঃস্থাপিত' আবরার স্মৃতিস্তম্ভ

রাজধানীর পলাশী মোড়ে ভেঙে ফেলা আবরার স্মৃতিসম্ভ বাঁশ দিয়ে পুনঃস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনে। বৃহস্পতিবার রাতে তার নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের একদল কর্মী আটটি বাশেঁর খুঁটি গেঁড়ে দেন ওই স্থানে। 

এ সময় তারা স্লোগান ও বক্তৃতা দেন। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে মঙ্গলবার মধ্যরাতে আখতার হোসেনের নেতৃত্বে পরিষদের নেতা-কর্মীরা আবারার ফাহাদ স্মৃতি সংসদ ব্যানারে ওই স্তম্ভ তৈরি করেন।

এর ফলকে লেখা ছিল 'অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে'। আবরার ফাহাদ তার ফেইসবুক প্রোফাইলেও ওই উক্তি ব্যবহার করেছিলেন।

নিজেকে আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক হিসেবে দাবি করে আখতার তখন বলেন, সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি ও নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা এই আটটি বিষয়ের প্রতীক হিসেবে তারা আটটি স্তম্ভ বানিয়েছেন।

পরে বুধবার রাতে তা ভেঙে দেওয়া হয়।  

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের নিশ্চিত করেন যে সিটি করপোরেশন কর্তৃপক্ষই স্থাপনাটি ভেঙ্গে ফেলেছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নেয়ার কারণেই স্থাপনাটি সিটি কর্পোরেশন ভেঙ্গে ফেলেছে বলে জানান নাসের।

এরপর বৃহস্পতিবার রাতে একই স্থানে আখতারের নেতৃত্বে বাঁশের খুঁটি স্থাপন করা হয়। তাদের পক্ষ থেকে একে আবরারের স্মৃতিস্তম্ভ পুনঃস্থাপন বলে দাবি করা হয়।