দুই বাংলাদেশিকে হয়রানির অভিযোগে ইতিহাদ এয়ারলাইন্স কর্র্তৃপক্ষকে দুই কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল আংশিক মঞ্জুর করে বৃহস্পতিবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে তানজিন বৃষ্টি ও নাহিদ সুলতানা যুথীকে এক কোটি টাকা করে দিতে হবে ইতিহাদকে।
রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। ইতিহাদের কান্ট্রি ম্যনেজারের পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও মো. আজিজ উল্লাহ ইমন।
মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, ২০১১ সালের ২৮ জুন বাংলাদেশি দুই নাগরিককে আবুধাবি এয়ারপোর্টে হয়রানি, নির্যাতন ও আটকের ঘটনায় ইতিহাদ কর্র্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়। ওই বছরের ১৪ জুলাই এ নিয়ে রুল জারি করে হাইকোর্ট। একই সঙ্গে ঘটনার তদন্ত করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়। রুলের শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের জন্য নির্ধারিত ছিল। রায়ে বাংলাদেশি যাত্রী তানজিন বৃষ্টি ও নাহিদ সুলতানা যুথীকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।