ফ্রেঞ্চ ওপেনে রাফায়েল নাদাল-নোভাক জকোভিচ ফাইনাল হবে রবিবার? প্রশ্নটার উত্তর মিলবে আজ রাতেই।
প্রথম সেমিফাইনালে ১২ বারের চ্যাম্পিয়ন নাদাল খেলতে নামবেন আর্জেন্টিনার ডিয়েগো শুয়ার্জমানের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে জকোভিচের প্রতিপক্ষে গ্রিসের স্তেফানো সিতসিপাস। নাদালের জন্য ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল ওঠা মানেই জয়, ফাইনাল এবং চ্যাম্পিয়ন হওয়া। প্রতিপক্ষ শুয়ার্জমানের সঙ্গে লড়াইও তার একতরফাই। ৯ দেখায় ৯টাই জিতেছিলেন। কিন্তু কদিন আগে ইতালিয়ান ওপেনে এই আর্জেন্টাইনের কাছে একমাত্র ম্যাচটি হারেন লাল মাটির রাজা। ২০০৪ সালের পর ফ্রেঞ্চ ওপেনে কোনো আর্জেন্টাইনের ফাইনালে ওঠার সুযোগ শুয়ার্জমানের সামনে। সেটি তিনি পারেন কি-না সেটাই দেখার।
অস্ট্রেলিয়ান ওপেন জয়ী জকোভিচ তার ১৮তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা হয়তো পেতেন ইউএস ওপেনেই। কিন্তু চতুর্থ রাউন্ডে লাইনজাজের গায়ে বল মেরে বহিষ্কার হন তিনি। যার বিপক্ষে সেই ম্যাচ খেলছিলেন সার্বিয়ান, বুধবার সেই পাবলো বুস্তাকেই কোয়ার্টারে হারিয়েছেন। প্রথম সেট হারলেও শেষ পর্যন্ত জয়ী হন ৪-৬, ৬-২, ৬-৩, ৬-৪ গেমে। এ নিয়ে ১০ম সেমিফাইনাল খেলছেন জকোভিচ। ফাইনালে উঠতে পেরেছেন এর আগে চারবার। কিন্তু জিতেছেন মাত্র একবারই (২০১৬ সালে, অ্যান্ডি মারেকে হারিয়ে)। ২০১২, ২০১৪’র শিরোপা লড়াইয়ে হেরে যান নাদালের কাছে। ২০১৫তে হারেন স্ট্যান ভাভরিঙ্কার কাছে।
এবার শিরোপা লড়াইয়ে নামার পথে জকোভিচের বাধা সিতসিপাস। বুধবার কোয়ার্টার ফাইনালে আন্দ্রে রুবলেভকে ৭-৫, ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম সেমিফাইনালে জায়গা নিশ্চিত করলেন গ্রিস তারকা। এর আগে সিতসিপাসের সেরা সাফল্যও ছিল সেমিফাইনাল পর্যন্তই। ২০১৯ অস্ট্রেলিয়ান ওপেনে ওই উচ্চতায় পৌঁছেন তিনি।