দনিয়া স্টুডিও থিয়েটারে নাট্যোৎসব শুরু

রাজধানীর দনিয়া সাংস্কৃতিক জোটের আয়োজনে গতকাল শুক্রবার থেকে দনিয়া স্টুডিও থিয়েটার মিলনায়তনে শুরু হয়েছে দু’দিনের নাট্যোৎসব। ‘ভয়কে জয় করে নাটক’ স্লোগান নিয়ে আটটি নাট্যদল উৎসবে আটটি নাটক মঞ্চায়ন করছে। বৈশ্বিক দুর্যোগ করোনার বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ও সীমিত পরিসরের আসন রেখে এই উৎসবের আয়োজন করেছে দনিয়া সাংস্কৃতিক জোট। উৎসব সহযোগিতায় রয়েছে দনিয়া পাঠাগার।

গতকাল বিকেলে দনিয়া স্টুডিও থিয়েটার মিলনায়তনে এই উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস, মহাকাল নাট্য সম্প্রদায়ের সভাপতি মীর জাহিদ হাসান, চিত্তরঞ্জন দাস প্রমুখ।

উদ্বোধনী সন্ধ্যায় গতকাল মঞ্চায়িত হয় মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’র অংশবিশেষ, শৌখিন থিয়েটারের নাটক ‘প্রভাত ফিরে এসো’, মৈত্রী থিয়েটারের ‘চা অথবা কফি’ এবং সায়াহ্নিকা থিয়েটারের ‘বসন্তের কুটুম’ নাটকের অংশবিশেষ।

আজ শনিবার নাট্যোৎসবের সমাপনী আয়োজনে যা থাকবে : সমাপনী সন্ধ্যায় মঞ্চায়ন হবে কথক থিয়েটার ঢাকা প্রযোজিত নাটক ‘নিঃশ্বাস’। রোহান নেওয়াজ রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন শাহনেওয়াজ। এছাড়া চন্দ্রকলা থিয়েটারের ‘শেখ সাদী’র অংশবিশেষ, নাট্যযোদ্ধার  ‘অসমাপ্ত’ এবং শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক ‘বীরাঙ্গনার বয়ান’ মঞ্চায়িত হবে।