ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর হোসেন ও সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজাকে মনোনয়ন দিয়েছে দলটি। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘যদিও আমরা দেখছি, ২০১৮ সালের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের সঙ্গে উপনির্বাচনের কোনো পার্থক্য নেই। নির্বাচন কমিশন যদি তাদের দায়িত্ব পালন করত, তাহলে নির্বাচনগুলো সামান্য হলেও ভালো হতো।’
গত ১১ সেপ্টেম্বর সংসদের চারটি আসনের উপনির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। এদিন ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি এম কফিলউদ্দিন আহমেদ এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।