যৌনসন্ত্রাসের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ দাবি

নারী নির্যাতন-নিপীড়ন ও যৌনসন্ত্রাসের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি জানিয়েছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নারী নির্যাতন-নিপীড়ন’ বন্ধে আইনের কঠোর প্রয়োগ চেয়ে ‘যৌনসন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন’ থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নারী নির্যাতন-নিপীড়ন ও ধর্ষণ হচ্ছে জাতীয় সমস্যা। এ সমস্যা সমাধানে আইনের কঠোর প্রয়োগ ও শাস্তির বিকল্প নেই। ধর্ষণ ও নারী নির্যাতন আইনে সর্বোচ্চ যে সাজা রয়েছে তা নিশ্চিত করা যাচ্ছে না বলেই এ ধরনের অপরাধ বাড়ছে। পাশাপাশি ধর্ষকদের রাজনৈতিক ট্যাগ দেওয়া হচ্ছে। ধর্ষকদের রাজনৈতিক ট্যাগ দেওয়া যাবে না। এদের অপরাধী ও যৌনসন্ত্রাসী হিসেবেই চিহ্নিত করতে হবে। রাজনৈতিক ট্যাগ দিলে তারা বিভিন্ন প্রভাবে ছাড়া পেয়ে যাবে। যৌনসন্ত্রাসীরা মা-মাটি ও মানবতার শত্রু।

ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) সভাপতি রাহাত হুসাইনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গণতান্ত্রিক লীগের সভাপতি এমএ জলিল, সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী প্রমুখ।