যুবলীগ নেতার বিরুদ্ধে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সংখ্যালঘু পরিবারের ৪০ শতাংশ জমি জোর করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা ইউনুস পালোয়ানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক বিষয়টি জানিয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই ওই যুবলীগ নেতা ক্ষমতা ও অর্থ ব্যবহার করে সন্ত্রাসীদের দিয়ে উল্টো তাকে হুমকি দিচ্ছেন বলে জমির মালিক জানিয়েছেন।

থানায় দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকার সত্যচন্দ্র মন্ডলের বাবা ব্রজেন্দ্র মন্ডল ১৯৬২ সালে কলুদা প্রসাদ ম-ল ও লাল মহনের কাছ থেকে দুই দলিলে ৬৬ শতাংশ জমি কেনেন। এর পর থেকে তাদের পরিবারের লোকজন শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগদখল করে আসছে। জমি নিয়ে মাঝে মামলা হলেও আদালতের রায় সত্য মন্ডলের পক্ষে আসে। সম্প্রতি ওই এলাকার প্রভাবশালী জমি ব্যবসায়ী সাবেক যুবলীগ নেতা ইউনুস পালোয়ান সংশ্লিষ্ট জমি কেনার জন্য সত্যচন্দ্র মন্ডলকে প্রস্তাব দেন। কিন্তু তিনি জমি বিক্রি করতে রাজি না হওয়ায় সত্য মন্ডলের জমির পূর্বপাশে অন্য মালিকের কাছ থেকে ১৫ শতাংশ জমি কেনেন ইউনুস পালোয়ান। এরপর সত্যচন্দ্র মন্ডলের পৈতৃক সূত্রে পাওয়া ৪০ শতাংশ জমি জোর করে টিন দিয়ে বেড়া দিয়ে দখলে নিয়ে মাটি ভরাট শুরু করেন ইউনুস। আর সত্যচন্দ্র মন্ডল যেন বাধা দিতে না পারেন সেজন্য দখল করা জমিতে টিনশেড ঘর তুলে সেখানে সকাল থেকে রাত পর্যন্ত ৪-৫টি মোটরসাইকেল নিয়ে ইউনুসের ভাড়াটে সন্ত্রাসীরা অবস্থান করে।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ বলেন, ‘ইউনুস সত্যচন্দ্র মন্ডলের পৈতৃক সম্পত্তি জোর করে দখল করেছে বলে আমি শুনেছি। এ বিষয়ে ভুক্তভোগীকে প্রশাসনের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছি।’

অভিযোগ সম্পর্কে জানতে ইউনুস পালোয়ানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।