আপাতত ঘূর্ণিঝড়ের শঙ্কা তেমন নেই: আবহাওয়া অধিদপ্তর

আপাতত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা তেমন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তারা জানায়, ইতোমধ্যে টানা কয়েকদিন তাপমাত্রা তুলনামূলক বেশি থাকার পাশাপাশি বাতাসে আর্দ্রতাও বেশ থাকায় শনিবার দেশের সর্বত্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। সুষ্পষ্ট লঘুচাপটি  আরও ঘনীভূত হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা তেমন নেই। তবে নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাব বাংলাদেশে পড়বে না আশা করি। আমরা পরিস্থিতি পযবেক্ষণ করে সতর্কতা বার্তা জানাব।

লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরেও কোনো আবহাওয়া সতর্কবার্তা জারি করেনি আবহাওয়া অধিদপ্তর।

২ অক্টোবরও সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। পরে তা দুর্বল হয়ে যায়। এর একসপ্তাহের মাথায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হল সাগরে।

আবহাওয়া অফিস জানায়, আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে। ঢাকাসহ অধিকাংশ এলাকায় বিরাজমান ভ্যাপস গরমের এমন আবহাওয়া আরও দুয়েকদিন অব্যাহত থাকবে।

শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগেরদিন শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙ্গামাটিতে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।