দেশজুড়ে চলছে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ–বিক্ষোভ। এর মধ্যেও প্রতিদিন দেশের কোনো না–কোনো এলাকা থেকে ধর্ষণের খবর আসছে।
গোয়ালন্দে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাব্বির শেখ (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গোয়ালন্দ ঘাট থানায় এ ঘটনায় ওই ছাত্রীর মায়ের করা মামলার পর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাব্বির শেখ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরূপারচক গ্রামের আ. সালাম শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, পাশাপাশি বাড়ি হওয়ায় সাব্বির ওই স্কুলছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২৪ সেপ্টেম্বর মেয়েটির মা তার বড় মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। ওই সুযোগে রাত সাড়ে ৭টার দিকে সাব্বির মেয়েটির বাড়িতে গিয়ে ফাঁকা পেয়ে তাকে জোর করে ধর্ষণ করে।
এ সময় নির্যাতিত মেয়েটি কান্নাকাটি করলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং অভিযুক্ত সাব্বির সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্কুলছাত্রীর মা বিভিন্নভাবে বিষয়টি তার মেয়ের কাছে জানতে চাইলেও সে কিছু জানায়নি। একপর্যায়ে মেয়েটি তার ভগ্নিপতির কাছে ঘটনা খুলে বলে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন স্কুলছাত্রীর মা।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, মামলার পর অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে রাজবাড়ী সিভিল সার্জন অফিসে এবং গ্রেপ্তার সাব্বির শেখকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।