দুর্দান্ত কোহলি, ব্যর্থতার বৃত্তেই ধোনি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে তার দুরন্ত ব্যাটিং, পরে ক্রিস মরিস ও ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত বোলিংয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সহজ জয় পেল বেঙ্গালুরু। দলের হারের দিন ব্যাট হাতে ফের ব্যর্থ হয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ধোনির দলকে ৩৭ রানে হারায় বেঙ্গালুরু। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৯ রান তুলেছিল বেঙ্গালুরু। জবাবে ৮ উইকেটে ১৩২ রানেই থামে চেন্নাই।

দলটির পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন অম্বতি রাইডু। যদিও ৪০টি বল খেলেন তিনি। এ ছাড়া ২৮ বলে ৩৩ রান করেন জগদীশান। ধোনি ১০ রান করে সাজঘরে ফেরেন।

বেঙ্গালুরুর পক্ষে ক্রিস মরিস এদিন প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন। ৪ ওভার বল করেন ১৯ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন তিনি। ২ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।

এর আগে বেঙ্গালুরুর পক্ষে কোহলির ৯০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৪টি করে চার ও ছক্কা হাঁকান তিনি। এ ছাড়া দেবদূত পাডিক্কাল ৩৩, শিবম দুবে অপরাজিত ২২ রান করেন।

চেন্নাইয়ের হয়ে ২টি উইকেট নেন শার্দুল ঠাকুর। ৩ ওভারে মাত্র ১০ রান খরচ করে ১ উইকেট নেন দীপক চাহার। ম্যাচসেরা হয়েছেন কোহলি।

এই জয়ে টেবিলের চার নম্বরে উঠে এসেছে বেঙ্গালুরু। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট তাদের। অন্যদিকে ৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে চেন্নাই সুপার কিংস।