গাজীপুরের এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়েছে তার স্বামী ও শাশুড়ি। পুলিশ গতকাল শনিবার লাশ উদ্ধার করেছে। ওই গৃহবধূর নাম বিথী আক্তার ওরফে দিনা (১৯)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভেদুঘর এলাকার আমির হোসেনের মেয়ে।
বাসন থানার এসআই মাসুম হোসেন খান ও স্থানীয়রা জানান, ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভিন্নারিয়া গ্রামের জামাল সিকদারের ছেলে ইয়াসিন সিকদারের সঙ্গে বিথী আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ৬ মাস আগে তারা গাজীপুরে এসে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের নলজানী এলাকার গ্রেটওয়াল সিটিতে বেলায়েতের বাসায় ভাড়া থাকেন ইয়াসিন। পারিবারিক বিষয় নিয়ে কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল।
গত শুক্রবার রাতে ইয়াসিন বাসায় ফিরে বিথীকে বিছানার ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। রাতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গতকাল সকালে চিকিৎসার জন্য স্বামী ও শাশুড়ি তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বিথীকে মৃত ঘোষণা করলে তার লাশ ফেলে রেখে স্বামী ইয়াসিন ও শাশুড়ি বৃষ্টি বেগম পালিয়ে যান।