আশুলিয়ার রুস্তমপুর এলাকার গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ এবং ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে পুনরায় ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫ জনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।
শনিবার তাদেরকে ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উঠানো হলে সাইফুল ইসলাম ও পাপ্পু সাহা ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। এ ঘটনায় অধিকতর তদন্ত ও ধর্ষণের ভিডিও উদ্ধারের জন্য বাকী তিন আসামীকে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামীকে শনিবার দুপুরে ৭দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালতে সাইফুল ও পাপ্পু নামে দুই আসামী স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেওয়ায় তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বাকী তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের তিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া ধর্ষনের ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেপ্তারসহ ধর্ষনের ভিডিও উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
গণধর্ষনের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী জেলার রাজাপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে সাইফুল ইসলাম (১৮), আশুলিয়ার রোস্তমপুর এলাকার কৃষ্ণ সাহার ছেলে পাপ্পু সাহা (১৯), একই এলাকার মনোরঞ্জন সাহার ছেলে মিলন (২২), সনাতন সাহার ছেলে জ্যোতির্ময় সাহা (১৯) ও অদম সরকারের ছেলে অন্তর (২০)।
উল্লেখ্য, আশুলিয়ার রুস্তমপুর এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম ও অন্তরের সাথে পূর্ব পরিচয় থাকায় গত ২৪ সেপ্টেম্বর রাতে বন্ধু রতনের জন্মদিনের কথা বলে ওই গৃহবধূকে মিরপুর থেকে আশুলিয়ায় ডেকে আনে। পরে তাকে কৌশলে আশুলিয়ার রুস্তমপুর তুরাগ নদীর পাড়ে একটি নির্জন জঙ্গলে নিয়ে ৮ বন্ধুসহ ১১ জন মিলে দলবদ্ধভাবে ওই নারীকে ধর্ষনণ করে। এ সময় ধর্ষণের ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক মাধ্যম ফেইসবুক ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূর ব্যবহৃত মোবাইলটিও রেখে দেয় ধর্ষণকারীরা। পরবর্তীতে মোবাইল ফেরত দেওয়ার কথা বলে গত ২৮ সেপ্টেম্বর ওই গৃহবধূকে ডেকে এনে আবারও দলবদ্ধভাবে ধর্ষণ করে তারা। এরপরও ধারন করা ধর্ষণের ভিডিও ফাঁস করার কথা বলে তাকে আবারও আশুলিয়ায় আসার জন্য হুমকি দেয় । উপায় না পেয়ে ভুক্তভোগী ওই নারী তার স্বামীকে বিষয়টি খুলে বলে এবং আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন। পরে ওই নারীর দেওয়া তথ্য মতে রাতভর অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।