লেবাননের সাবেক প্রধানমন্ত্রী ও সুন্নিপন্থি রাজনীতিক সাদ হারিরি দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন। গত বৃহস্পতিবার স্থানীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, লেবানন সংকটের নেপথ্যে রয়েছে হিজবুল্লাহ। হারিরি উদ্বেগ প্রকাশ করে বলেন, বৈরুত ও বালবেক-হারমেল এলাকার রাজপথে অস্ত্র প্রতিযোগিতা ও সামরিক মহড়ার কারণে রাষ্ট্র ভেঙে পড়েছে। দেশটির সংকটের জন্য হিজবুল্লাহকে দায়ী করে তিনি বলেন, যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলোর দায় লেবাননের সাধারণ মানুষের নয়। হিজবুল্লাহর উচিত মানুষকে বাঁচতে দেওয়া।
সিরিয়া পরিস্থিতি তুলে ধরে হারিরি বলেন, হিজবুল্লাহ লেবাননের সুন্নিদের সঙ্গে তেমন আচরণ করতে চায় যেমনটি সিরিয়ায় তাদের (শিয়া) সঙ্গে করা হচ্ছে। তিনি আরও বলেন, অনেকেই আমাকে দুর্বল মানুষ বলছেন। তারা কি দেখেছেন সিরিয়ায় কী ঘটেছে?