মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মাকে মারধর

নারী ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির মধ্যেই পাবনার ঈশ্বরদীতে এক কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবা, মা ও চাচাসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বালুর খাদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় হৃদয় শেখ (২৫) নামে ওই যুবককে প্রধান আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, এক বছর আগে থেকেই ৮ম শ্রেণি পড়ুয়া ওই কিশোরীকে (১৩) স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত একই এলাকার রঞ্জু শেখের ছেলে হৃদয়। গত প্রায় ৬ মাস আগে কিশোরী বিষয়টি তার বাবা-মাকে জানালে তারা বিষয়টি হৃদয় শেখের পরিবারকে জানায়। এতে হৃদয় ক্ষিপ্ত হয়ে কিশোরীকে বিভিন্ন মাধ্যমে বিয়ে করার প্রস্তাব দেয়। এতেও কাজ না হলে তাকে উঠিয়ে নিয়ে যাওয়ারও হুমকি দেয় হৃদয়।

এ ঘটনায় কিশোরীর পরিবার বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ফুরকান আলীকে জানায়। তিনি বিষয়টি স্থানীয়ভাবে বসে সাময়িকভাবে সমাধান করলেও এক সপ্তাহ আগে হৃদয় আবারও নানাভাবে কিশোরীকে উত্ত্যক্ত শুরু করে। প্রযুক্তি কাজে লাগিয়ে কিশোরীর একটি নগ্ন ছবি বানিয়ে তা ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার কথা বলে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে সে। শুক্রবার বিকেলে ঘটনাটি সম্পর্কে হৃদয় শেখের কাছে জানতে চায় কিশোরীর স্বজনরা। এতে ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা নিয়ে কিশোরীর বাবা ও মার ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি মারপিট করে হৃদয় শেখ, তার বন্ধু মাহফুজ ও সুমন।

এ সময় কিশোরীর চাচা মহসীন বিশ্বাস ও চাচাতো ভাই মজনু বিশ্বাস এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

ঈশ্বরদী থানার ওসি সেখ নাসীর উদ্দিন জানান, অভিযোগ পেয়েই  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।