বরিশালের ৩০ পয়েন্টে খনন করবে বিআইডব্লিউটিএ

বরিশাল-ঢাকা নৌপথসহ বরিশাল বিভাগের বিভিন্ন নৌরুটের নাব্যসংকট নিরসনে অন্তত ৩০টি পয়েন্টে খনন (ড্রেজিং) করবে বিআইডব্লিউটিএ। শুষ্ক মৌসুম সামনে রেখে নাব্যসংকটের আশঙ্কায় নিরাপদ নৌচলাচলের লক্ষ্যে ওই খননকাজ শুরু হবে। বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মিজানুর রহমান ওই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল অঞ্চলের বিভিন্ন নদীর ৩০ পয়েন্টে অন্তত ১০ থেকে ১২ কিলোমিটার এলাকাজুড়ে ১৪ লাখ ঘনমিটার পলি ড্রেজিং করা হবে। এ জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বরিশাল অঞ্চলের নদীর নাব্য ফিরিয়ে আনতে এর আগে গত বুধবার লঞ্চমালিকসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের নিয়ে বরিশাল নৌবন্দরে মতবিনিময় সভাও করেছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ের কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানিয়েছেন, আগামী মঙ্গলবার বরিশাল নদীবন্দর এলাকা ড্রেজিং শুরুর মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। আগামী ডিসেম্বরের মধ্যে সব পয়েন্টে ড্রেজিং শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে উজান থেকে ২.৪ বিলিয়ন মেট্রিক টন পলি ভাটিতে আসে। এ ছাড়া নদীভাঙনের ফলেও বিপুল পরিমাণ পলির সৃষ্টি হয়। যার ৭০ ভাগ বঙ্গোপসাগরে গিয়ে পড়ে এবং ৩০ ভাগ বিভিন্ন নদীতে জমে ডুবোচরের সৃষ্টি হয়। এতে নৌচলাচল ব্যাহত হয়। এ কারণে শুষ্ক মৌসুমকে সামনে রেখে নৌচলাচল নিরাপদ করতে বিভাগের বিভিন্ন নদীতে ড্রেজিং শুরু করতে যাচ্ছে বিআইডব্লিউটিএ।