এক গরু বাঁচাতে সড়কে প্রাণ গেল তিন বান্ধবীর

পথভ্রষ্ট এক গরুকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ভারতে প্রাণ হারিয়েছেন তিন নারী।

দেশটির গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, মধ্যপ্রদেশের গুনা জেলার মহাসড়কে গাড়ি উল্টে মারা যান দিল্লির ওই তিন নারী।

গাড়িতে চারজন ছিলেন। তারা সবাই বান্ধবী। অন্য জন গুরুত্বর অবস্থায় হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, চার বান্ধবী দিল্লিতে ফেরার সময় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন সন্তোষ কুমারী (৪৮), গায়ত্রী সিং (৪২) এবং পুনম ভারতী (৪০)। গাড়ি চালাচ্ছিলেন বিন্দু শর্মা (৪০)। তিনি এখন হাসপাতালে।

সন্তোষ কুমারী স্পটেই মারা যান। হাসপাতালে আনার পথে প্রাণ যায় পুনমের। গায়ত্রী শেষ নিশ্বাস ত্যাগ করেন হাসপাতালে বসে।

বিন্দু পুলিশকে জানিয়েছেন, রাস্তায় হঠাৎ একটা গরু চলে আসায় তিনি ব্রেক করেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে আছড়ে পড়ে গাড়ি।

‘রাস্তায় হঠাৎ গরু দেখে আমি ভড়কে যাই। চেষ্টা ছিল গরুটাকে বাঁচানোর। তাই ব্রেক করেছিলাম। পরে আমার আর কিছু মনে নেই।’

চিকিৎসকেরা জানিয়েছেন, বিন্দুর অবস্থা এখন কিছুটা স্থিতিশীল।