ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন আলমগীর-দীপেন

‘ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২০’ পাচ্ছেন চলচ্চিত্র পরিচালনায় চিত্রনায়ক আলমগীর এবং চলচ্চিত্র সাংবাদিকতায় শামীম আলম দীপেন।

আগামী ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুর ১২টায় চ্যানেল আই স্টুডিওতে স্বাস্থ্যবিধি মেনে পুরস্কার প্রদান করা হবে।

এ পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ২৫ হাজার টাকা, সম্মাননাপত্র ও ক্রেস্ট।

দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং প্রথম শিশু চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালক প্রয়াত ফজলুল হক স্মরণে ২০০৪ সাল থেকে এই পুরস্কার প্রবর্তন করেন কথাশিল্পী রাবেয়া খাতুন।

ইতোমধ্যে এই পুরস্কার পেয়েছেন সাইদুল আনাম টুটুল ও ফজল শাহাবুদ্দিন (২০০৪), চাষী নজরুল ইসলাম ও আহমদ জামান চৌধুরী (২০০৫), হুমায়ূন আহমেদ ও রফিকুজ্জামান (২০০৬), সুভাষ দত্ত ও হীরেন দে (২০০৭), গোলাম রাব্বানী বিপ্লব ও আবদুর রহমান (২০০৮), আমজাদ হোসেন ও সৈয়দ শামসুল হক (২০০৯), মোরশেদুল ইসলাম ও চিন্ময় মুৎসুদ্দী (২০১০), ই আর খান ও অনুপম হায়াৎ (২০১১), নাসিরউদ্দিন ইউসুফ ও গোলাম সারোয়ার (২০১২), রাজ্জাক ও রেজানুর রহমান (২০১৩), সৈয়দ সালাহউদ্দিন জাকী ও আরেফিন বাদল (২০১৪), মাসুদ পারভেজ ও শহীদুল হক খান (২০১৫), আজিজুর রহমান ও মোস্তফা জব্বার (২০১৬), আবদুল লতিফ বাচ্চু ও নরেশ ভুঁইয়া (২০১৭), মোস্তফা সরয়ার ফারুকী ও শফিউজ্জামান খান লোদী (২০১৮), কোহিনূর আখতার সুচন্দা ও রাফি হোসেন (২০১৯)।