সান্তোসে ফুটবলে হাতেখড়ি। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলানসহ অনেক নামিদামি ক্লাবে ফেলেছেন। দলগুলোর হয়ে তারকা খ্যাতি ছড়িয়ে ক্যারিয়ারের শেষ লগ্নে আবার শেকড়ে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রবিনহো।
আবারও স্বদেশি ক্লাব সান্তোসে নাম লিখিয়েছেন আক্রমণভাগের এই ফুটবলার। ক্লাবটির সঙ্গে পাঁচ মাসের চুক্তি করেছেন এই ফরোয়ার্ড। ৩৬ বছর বয়সী পারিশ্রমিক নেবেন নামমাত্র, বোনাসসহ মাসে আড়াইশো ডলার! পারফরম্যান্স সাপেক্ষে চুক্তির মেয়াদ বাড়ানোও হতে পারে।
সান্তোসে ফেরা নিয়ে রবিনহো বলেছেন, “ক্লাবটা সব সময়ই আমার বাড়ির মতো। আমার ক্যারিয়ার যেখানে শুরু হয়েছিল সেখানে ফিরতে পারাটা বিশেষ কিছু।”
সান্তোসে বেড়ে ওঠার পর লোনে আরও দুইবার ক্লাবটির হয়ে খেলে গেছেন রবিনহো। ক্লাবটিতে ব্রাজিলের ফুটবলার তৈরির ‘কারখানা’ হিসেবে পরিচিত। এই ক্লাবে কিংবদন্তি পেলে ও হালের নেইমার ছাড়াও অসংখ্য তারকা ফুটবলার তৈরি হয়েছে।
সেন্টার ফরোয়ার্ড হিসেবে রবিনহোর দারুণ খ্যাতি রয়েছে। রিয়াল ও ইন্টার মিলানের হয়ে জিতেছেন লিগ শিরোপা। ব্রাজিলের জার্সিতে খেলেছেন ১০০ ম্যাচ; জিতেছেন কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপ।
২০১৭ সালে ইতালি ধর্ষণের অভিযোগ আনা হয় রবিনহোর বিরুদ্ধে। দেশটির আদালত তাকে জেল দিয়েছিল। কিন্তু ইতালির আদালতের সেই বিচার এড়িয়ে চলছেন এক সময়ের তারকা এই ফুটবলার।
সান্তোসের আগে রবিনহোর শেষ গন্তব্য ছিল তুর্কি ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহির।