স্বামীকে গাছে বেঁধে নববধূকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় চার মাস আগে এক নববধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। বিয়ের তিন দিন পর নিজবাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে স্থানীয় বখাটেরা স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে দলবদ্ধ ধর্ষণ করে স্ত্রীকে। এ ঘটনায় আগেও তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

শনিবার রাতে নগরীর কর্ণফুলী থানার কলেজ বাজার প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা থেকে প্রধান আসামি মো. হান্নানকে (৩২) গ্রেপ্তার করে।

এ ঘটনার মূলহোতা হান্নানকে গ্রেপ্তারের পর রবিবার সকালে সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার অন্যতম মূলহোতা হান্নানকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান অন্যান্য সহযোগীদের নিয়ে ধর্ষণের কথা স্বীকার করেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় ঘটনার সঙ্গে সম্পৃক্ত আবু তাহের ওরফে মন্টুকে এবং গত ১৮ জুন জুয়েল এবং মিন্টু নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

তিনি আরও বলেন, এই ধর্ষণের ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত অব্যাহত আছে।

উল্লেখ্য, বিয়ের তিন দিন পর পটিয়া থেকে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি বোয়ালখালী যাওয়ার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক নববধূ। গত ৭ জুন পটিয়ার কোলাগাঁও গ্রামে বড়ুয়া পাড়া এলাকায় বখাটেরা স্বামীকে গাছে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে।