কোম্পানীগঞ্জের অপহৃত সুতা ব্যবসায়ীকে উদ্ধার, আটক-৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক সুতা ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ চার অপহরণকারীকে আটক করেছে পুলিশ। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।

রবিবার দুপুরে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের অজি বাড়ির মৃত নাছের আহাম্মদের ছেলে মো. কামাল উদ্দিন (৩৫), গিয়াস উদ্দিনের ছেলে মো. আজিজুল হক ইমন (২০), আবদুস সোবহানের ছেলে আবদুল্লাহ আল মাহমুদ (২৪), বেলাল হোসেনের ছেলে তরিকুল ইসলাম পিয়াস (২০)।

এর আগে, শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বসুরহাট বাজারের দিঘি মার্কেটের ভাই ভাই সুতা স্টোরের মালিক মো. নজরুল ইসলাম সুজনকে (৪৫) তার দোকানের সামনে থেকে অপহরণ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল হক ঘটনার তথ্য নিশ্চিত বলেন, লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল ওই ব্যবসায়ীকে জোর করে অপহরণ করে একটি বাড়িতে আটক করে বেধড়ক মারধর করে।

পুলিশ মৌখিকভাবে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার ৬ ঘণ্টা পর শনিবার সন্ধ্যা ৭টার দিকে চার অপহরণকারীকে আটক করে এবং অপহৃত ব্যবসায়ীকে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হামিদ আলী অজি বাড়ি থেকে উদ্ধার করে।

ওসি মো. আরিফুর রহমান আরও জানান, এ ঘটনায় অপহৃত ব্যবসায়ীর স্ত্রী কোম্পানীগঞ্জ থানায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েক জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ পলাতক অপর আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে।