পুলিশি নির্যাতনে মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে নাইজেরিয়া

পুলিশি নির্যাতনে এক মৃত্যুর ঘটনার প্রতিবাদে নাইজেরিয়া জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভেও পুলিশের হামলার অভিযোগ উঠেছে।

বিবিসি জানায়, পুলিশি নির্যাতনের শিকার হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

এতে বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে আসে। পুলিশের বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল অ্যান্টি-রোবারি স্কোয়াডের (সার্স) বিরুদ্ধে বেআইনিভাবে গ্রেপ্তার, নির্যাতন এবং মৃত্যুর অভিযোগ তোলে বিক্ষোভকারীরা।

বিক্ষুব্ধ জনতার দাবি, হয় সার্স বাহিনীর সংস্কার নয়তো এটির বিলুপ্ত ঘোষণা করা হোক।

বিক্ষোভের দুইদিন পর নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি পুলিশি নিষ্ঠুরতার অবসানের ঘোষণা দেন।

নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ঘটনায় তিনি জানান, পুলিশের মধ্যে সংস্কার আনা হবে এবং ভুক্তভোগী ব্যক্তি যাতে ন্যায়বিচার পায় সেটি নিশ্চিত করা হবে।

একাধিক টুইটে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলেন, পুলিশ বাহিনীর মধ্যে সংস্কার আনবে সরকার, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।

এদিকে শুক্রবার বিক্ষোভ চলাকালেও বলপ্রয়োগের অভিযোগ উঠেছে দেশটির পুলিশের বিরুদ্ধে। রাজধানী আবুজায় বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।