দলিত হওয়ায় বৈঠকে চেয়ার পেলেন না পঞ্চায়েত সভাপতি

ভারতে দলিতদের নিপীড়নের শিকার হওয়ার ঘটনা নতুন নয়। এর মধ্যে ধর্ষণে দলিত তরুণীর মৃত্যু ও রাতের আঁধারে তার মরদেহ পোড়ানো নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে দেশটিতে।

এর মধ্যে উঁচুজাতের ব্যক্তিদের সঙ্গে বৈঠকের সময় পঞ্চায়েত সভাপতি এক দলিত নারীর মাটিতে বসে থাকার ছবি নিয়ে বিতর্ক উঠেছে।

এনডিটিভি জানায়, ভারতের তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় এ ঘটনা ঘটেছে।

জেলার থেরকু থিট্টাই গ্রাম পঞ্চায়েতের ওই নারী সভাপতি আদি দ্রাবিড় সম্প্রদায়ের মানুষ। গত বছর রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে তফশিলি জাতির জন্য সংরক্ষিত আসন থেকে ভোটে জিতে সভাপতি হন তিনি।

কিন্তু ওই পঞ্চায়েতের সহ-সভাপতি কোনো দিন তাকে ন্যায্য সম্মান দেননি। ওই নারী দলিত সম্প্রদায়ের হওয়ায় উঁচুজাতের বাকি সদস্যদের থেকে সব সময়ই তাকে হেনস্তার শিকার হতে হয়।

কোনো বৈঠকে বা অনুষ্ঠানে ওই নারীকে সভাপতিত্ব যেমন করতে দেওয়া হয়নি, তেমনি পতাকাও তুলতে দেওয়া হতো না। সম্প্রতি একটি বৈঠকের সময় সহ-সভাপতির আপত্তির জন্যই খোদ পঞ্চায়েত সভাপতিকেই চেয়ার বসতে দেওয়া হয়নি।

পরে সেই ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় কুড্ডালোরের জেলা প্রশাসক ওই পঞ্চায়েতের সচিবকে বরখাস্ত করার পাশাপাশি তদন্তের নির্দেশ দিয়েছেন।