জয়ের দেখা জার্মানদের

উয়েফা নেশন্স লিগের অভিষেক আসরে (২০১৮-১৯) জয়হীন ছিল জার্মানি। চলতি আসরটাও ভালো হচ্ছিল না তাদের। ড্র করে প্রথম দুই ম্যাচ। অবশেষে শনিবার নিজেদের প্রথম জয় পেয়েছে জার্মানি। স্বাগতিক ইউক্রেনকে তারা হারিয়েছে ২-১ গোলে। একই গ্রুপের অন্য ম্যাচে স্বাগতিক স্পেন ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ডকে।

ইউক্রেনের অলিম্পিক স্টেডিয়ামের ২০ হাজার দর্শককে থামিয়ে দেন জার্মানরা খেলার ২০ মিনিটেই। রুডিগারের পাস থেকে গোল করেন ম্যাথিয়াস জিন্টার। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে লিওন গোরেৎজকার গোলে ব্যবধান বাড়ায় জার্মানি। ৭৬ মিনিটে মালিনভস্কির সফল স্পট কিকে ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইউক্রেন। জার্মান ডিফেন্ডার নিকলাস সুলে ডি বক্সে ফাউল করেন রোমান ইয়ারেমচুককে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ম্যাচে আরও গোল পেতে পারত জার্মানরা।

নেশন্স লিগে মোট ছয় ম্যাচ পর প্রথম জয় পেল জার্মানরা। প্রথম আসরে ছিল চার ম্যাচ, এই আসরে দুটি। ম্যাচের পর জোয়াকিম লো বলেন, ‘অবশ্যই আমি খুশি, আমরা জিতেছি। কিন্তু আমরা ৩-০ বা ৪-০ তেও এগিয়ে যেতে পারতাম। কিছু সময় আমরা সহজেই বল দিয়ে দিয়েছি (প্রতিপক্ষকে)। যখন ২-০ ছিল, তারা ক্লান্ত হয়ে পড়েছিল। আমাদের আরও অ্যাটাক করে খেলার দরকার ছিল। তবে সব মিলিয়ে ভালোই খেলেছি।’

এদিকে লিগ ‘এ’-এর গ্রুপ ‘৪’-এর অপর ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শীর্ষেই রয়েছে স্পেন। স্প্যানিশ কোচ লুইস এনরিকে এই ম্যাচে তরুণদের জায়গা দিয়ে সঙ্গে রেখেছিলেন অভিজ্ঞ কয়েকজনকে। ম্যাচের ১৪ মিনিটে একমাত্র গোলটি করেন রিয়াল সোসিয়েদাদে খেলা মিকেল ওইয়ারজাবাল। বল ক্লিয়ার না করে ডি-বক্সে নিজেদের মধ্যে দেওয়া-নেওয়া করছিলেন সুইজারল্যান্ডের খেলোয়াড়রা। সুইস গোলকিপার ইয়ান সোমারের পাস নাগাল পাননি সতীর্থ গ্রানিত জাকা। স্প্যানিশ মিকেল মেরিনো বল পেয়ে যান, তিনি পাস দেন ডি-বক্সের ভেতরে ফাঁকায় দাঁড়িয়ে থাকা মিকেল ওইয়ারজাবালকে। ম্যাচ শেষে এনরিকে বলেন, ‘গোলটি তাদের ভুলে হয়নি, এটা ছিল আমাদের ভালো খেলা। দলে বোঝাপড়া ভালো ছিল ফলে গোল হয়েছে।’

তিন ম্যাচে দুই জয় ও এক ড্র’তে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জার্মান।