ফেনীতে সেপটিক ট্যাংকে শিক্ষার্থীর লাশ

ফেনী শহরের পাঠানবাড়ি এলাকার একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে মো. ইউনুছ বাবু (২৩) নামে এক শিক্ষার্থীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে পাঠানবাড়ির তাসফিয়া ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

ইউনুছ সোনাগাজী উপজেলার পাইকপাড়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। স্কলারশিপ নিয়ে তিনি চীনের আহোট বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করলেও করোনার কারণে দেশে ফিরে মা-বাবার সঙ্গে ফেনী শহরের রামপুর শাহীন একাডেমি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। এ ঘটনায় ভবনের তত্ত্বাবধায়ক মো. মোজাম্মেল হক শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার সকালে একই সেপটিক ট্যাংক থেকে ইউনুছের বন্ধু মো. শাহরিয়ারকে (২৫) গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। নিহতের ছোট ভাই মো. ইরফান বাপ্পি জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহরিয়ার ও রাকিব নামে ভাইয়ের দুই বন্ধু বাসা থেকে তাকে ডেকে নিয়ে যান। এরপর থেকে ইউনুছের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরের দিন শুক্রবার ওই ভবনের সেপটিক ট্যাংক থেকে আহত শাহরিয়ারকে উদ্ধার করা হয়। শাহরিয়ারের বাড়ি ফুলগাজী উপজেলায়। তার দেওয়া তথ্যে পুলিশ ইউনুছের লাশ উদ্ধার করে বলে জানান তিনি। ছেলেকে না পেয়ে শুক্রবার রাতে ইউনুছের মা রেজিয়া বেগম শাহরিয়ারকে আসামি করে মামলা করেন। এরপর শাহরিয়ারকে আহত অবস্থায় উদ্ধারের পর তার মাও একটি মামলা করেন।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায় জানান, লাশের সামনের অংশে দুটি ও পেছনে ধারালো অস্ত্রের তিনটি কোপের দাগ রয়েছে। গলায় পাটের রশির গিঁট দেওয়া। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।