গাজীপুরে জুতা তৈরির কারখানায় নারীর লাশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় এফবি ফুটওয়্যার নামের জুতা তৈরি কারখানায় অগ্নিকান্ডে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম গোলাপী আক্তার (৩৩)। তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলার বারাবাড়িরহাট সরদারপাড়া গ্রামের আইনুল হোসেনের স্ত্রী। গোলাপী এই কারখানায় আউট সোল হেলপার হিসেবে কাজ করতেন।

গত শনিবার বিকেলে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। গতকাল রবিবার সকালে দমকল বাহিনীর কর্মীরা নিখোঁজ এক নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছেন। অগ্নিকান্ডের ঘটনায় শনিবার এক নারী শ্রমিক নিখোঁজ ছিলেন। গতকাল সকালে ওই নিখোঁজ নারী শ্রমিকের মরদেহ কারখানার ভেতর থেকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের ঢাকা জোন কমান্ডার তানহারুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার বিকেল ৪টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট মধ্যরাতে নিয়ন্ত্রণে আনে।