রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হাতিরঝিল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে এম নিয়াজ উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে ৭টায় মহানগর প্রজেক্ট চেকপোস্ট ও উলনের মধ্যবর্তী হাতিরঝিল লেক থেকে পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃতদেহটি চাদর, মশারি ও পলিথিন দিয়ে মোড়ানো ছিল এবং মৃতদেহের হাত পা নাইলনের রশি দিয়ে শক্ত করে গলার সাথে বাঁধা ছিল। দেহটি অনেকটা পচে ফুলে গেছে।
তিনি জানান, এটি পরিকল্পিতভাবে হত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ফিঙ্গার প্রিন্ট করা হবে।