পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের সঙ্গে জ্বালানি অধিকার নিয়ে সৃষ্ট বিতর্কের কেন্দ্রস্থলে ফের খনিজ অনুসন্ধান জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে তুরস্ক।
এমন পদক্ষেপের ফলে এথেন্সের সঙ্গে আবারও আঙ্কারার উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।
তুর্কি নৌবাহিনী জানায়, ‘অরুক রিস’ নামের জাহাজ সোমবার থেকে ২২ অক্টোবর পর্যন্ত গ্রিসের দক্ষিণের কাস্তেলোরিজো দ্বীপসহ এ অঞ্চলে অনুসন্ধান কার্যক্রম চালাবে এমন বার্তা মেরিটাইম সতর্ক পদ্ধতি নেভটেক্সকে পাঠানো হয়েছে।
সমুদ্রসীমায় খনিজ অনুসন্ধানে গ্রিস ও মিশর চুক্তি সই করলে গত ১২ আগস্ট গ্রিক দ্বীপ কাস্তেলোরিজো উপকূলে তুরস্ক তেল-গ্যাস অনুসন্ধানে নৌবাহিনীর সাঁজোয়া বহরসহ জাহাজ পাঠালে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
ওই সামুদ্রিক অঞ্চলকে নিজেদের দাবি করে গ্রিসও যুদ্ধজাহাজ মোতায়েন করে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ‘মৃদু সংঘর্ষ’ হয়। গ্রিস এটিকে দুর্ঘটনা বললেও তুরস্ক উসকানি দাবি করেছে।
অব্যাহত উত্তেজনা নিরসনে ন্যাটোর মধ্যস্থতায় তুরস্কের সঙ্গে ‘ট্যাক্টিকাল’ আলোচনায় সম্মত হয় গ্রিস। দু’দেশের সামরিক পর্যায়ে এ সংলাপ হলেও দৃশ্যত তা নিয়ে কোনো পক্ষই সন্তুষ্ট নই।