নারায়ণগঞ্জের বন্দরে স্থানীয় দৈনিক পত্রিকার এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
রবিবার রাত সাড়ে ৮টায় বন্দর থানার আদমপুর জিওধরা এলাকায় ইলিয়াস হোসেন (৪৫) নামে ওই সংবাদকর্মীকে হত্যা করা হয়।
এ ঘটনায় রক্তমাখা টিশার্ট ও ছুরিসহ হত্যায় নেতৃত্ব দেয়া কিশোর গ্যাং লিডার তুষারকে (১৯) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
নিহত ইলিয়াস স্থানীয় দৈনিক বিজয় পত্রিকায় ফটো সাংবাদিক হিসেবে কাজ করতেন বলে নিশ্চিত করেছেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাব্বির আহমেদ।
তিনি জানান, ইলিয়াস তার পত্রিকার ফটো সাংবাদিক হিসেবে কাজ করতেন। ওই পত্রিকায় স্থানীয় মাদক ব্যবসায়ী ও অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে একাধিকবার নিউজ হয়।
এ নিয়ে মাদক ব্যবসায়ীরা ইলিয়াসের উপর ক্ষিপ্ত ছিল। রবিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের তুষার ও তুর্যের নেতৃত্বে ৪/৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ইলিয়াসের উপর হামলা চালায়।
তারা ইলিয়াসকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আটকে ছুরিকাঘাত করে। এতে ইলিয়াসের বুকে ও পিঠে ৪/৫টি আঘাত লাগে। ইলিয়াসের আত্ম চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) খোরশেদ আলম দেশ রূপান্তরকে জানান, রাতে বন্দরের আদমপুর এলাকায় মাদক ব্যবসায়ীরা ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মূল আসামি তুষারকে রক্তমাখা টিশার্ট পরা অবস্থায় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরিসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। অন্য আসামিদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চলছে।