কিশোরগঞ্জে চলছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নাটক ‘ভাগ্যক্রমে’র শুটিং। এই নাটকে জুটি বেঁধে কাজ করছেন অপূর্ব ও মেহজাবিন। কিশোরগঞ্জ রেল স্টেশনে নাটকটির শুটিং হয়। এখানে অপূর্ব ও মেহজাবিনকে দেখতে হাজারো মানুষ ভিড় জমায়। লোকজনের ভিড় ঠেকাতে পুলিশও মোতায়েন করা হয়। অপূর্বর শেয়ার করা ছবি ও ভিডিওতে এমনটাই দেখা মিলল।
আরিয়ান জানান, ‘পরশু ও গতকাল অপূর্ব-মেহজাবিন কিশোরগঞ্জের রেলওয়ে স্টেশনে নাটকের কয়েকটি দৃশ্য ধারণ করেছি। শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেও মানুষের ভিড় সামলানো কঠিন হয়েছে। এত মানুষের ভিড়ে শুটিং করা কঠিন। আর অন্যটা হচ্ছে, তাদের এই ভালোবাসা তো আমি ফেরাতে পারি না। আসলে ঢাকার বাইরে শুটিং খুব কম হয়, সে জন্য এমনটা হয়। কিশোরগঞ্জে এমন শুটিং প্রথম, তাই তাদের অনেক আগ্রহ। অনেকে তো শুটিং দেখতে রাতে রেলস্টেশনে শুয়েও ছিল।’
আরিয়ান আরও বলেন, ‘গল্পের প্রয়োজনেই কিশোরগঞ্জে শুটিং করতে হয়েছে। নাটকে রেলস্টেশনে একটি প্রেমের গল্প দেখা যাবে। এখনো বেশ কিছু দৃশ্যের শুটিং বাকি আছে। নাটকটি আগামী বছরের শুরুর দিকে চ্যানেল আইয়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।’