প্রবল বৃষ্টিতে ইশরাকের ধর্ষণবিরোধী মিছিল

দেশে চলমান ধর্ষণ নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে প্রবল বৃষ্টির মধ্যেই বিক্ষোভ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন ও দলটির অঙ্গসংগঠনের নেতারা।

সোমবার দুপুর বারোটায় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে সেখান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন। 

সমাবেশে ইশরাক হোসেন বলেন, আমার বাবা একজন রণাঙ্গনের বীর মুক্তিযুদ্ধা ছিলেন। আমিও একজন গেরিলা মুক্তিযোদ্ধার মতো বাঁচতে চাই। আমরা আর কোনো অন্যায় বরদাসত করব না। এই হায়েনা সরকারকে আমাদের সরাতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেশ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি।

বিক্ষোভ মিছিলে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ এর আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। কিন্তু সকাল থেকে বৃষ্টি থাকায় কর্মসূচি তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়। মানববন্ধনে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, বিএনপি নেতা ইরফান ইবনে আমান, শাকিব প্রমূখ।