খুবির প্রথম নারী প্রো-ভিসি হলেন ড. মোসাম্মাৎ হোসনে আরা

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী প্রো-ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা আজ সকাল পৌনে ১২ টায় এ পদে যোগদানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার, ডিন, রেজিস্ট্রারসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক এবং কর্মকর্তা পরিষদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের সবার। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষার মান উন্নয়নে আমি সকলের সহযোগিতা কামনা করি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ১৯৭০ সালের ২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদরে জন্মগ্রহণ করেন। যশোর বোর্ড থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাসের পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগে অনার্সে ভর্তি হন। সেখান থেকে রসায়নে বিএসসি (অনার্স), এমএসসি এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। খুলনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে তিনি বিএড ডিগ্রি প্রাপ্ত হন।

তিনি ১৯৯৮ সালের ১৯ অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনে রসায়নের প্রভাষক হিসেবে যোগদান করেন এবং পরে রসায়ন ডিসিপ্লিন চালু হলে তার পদটি সেখানে স্থানান্তরিত হয়। ২০১০ সালের ২৯ ডিসেম্বর তিনি প্রফেসর পদে যোগদান করেন। তিনি রসায়ন ডিসিপ্লিন প্রধান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান। তিনি বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ সংস্থার বিভিন্ন ক্যাটাগরিতে সদস্য। এছাড়া তিনি ২০১৪ সাল থেকে যৌন নিপীড়ন নিরোধ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সভাপতি। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, প্রভোস্ট এবং শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খুলনার গণহত্যা-নির্যাতন আর্কাইভ মিউজিয়ামের ট্রাস্টি ছাড়াও শিক্ষা সংস্কৃতি মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন সংগঠন ও সংস্থার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।