জাতীয় পার্টি থেকে চিত্রনায়ক সোহেল রানার পদত্যাগ

চিত্রনায়ক মাসুদ পারভেজ (সোহেল রানা) জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন। গত শনিবার পার্টির চেয়ারম্যান জি এম কাদের বরাবর রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো এক চিঠিতে তিনি তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

এ ব্যাপারে সোহেল রানা গতকাল সোমবার রাতে দেশ রূপান্তরকে জানান, তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার, জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় সভাপতিসহ জাতীয় পার্টির সব পর্যায়ের কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

পদত্যাগের কারণ সম্পর্কে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘পার্টিতে তৃণমূলের কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। যেসব নেতাকর্মী পার্টির জন্য নিবেদিত, তাদের অবমূল্যায়ন করা হচ্ছে। সিনিয়র নেতাদের সম্মান দেখানো হচ্ছে না। এসবের প্রতিবাদে আমি পদত্যাগ করেছি।’

সোহেল রানা ২০০৯ সালে জাতীয় পার্টিতে যোগ দেন।