রাজধানীসহ তিন জেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে রাজধানীর মৎস্য ভবন মোড় এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামের সীতাকু-ে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু ও মুন্সীগঞ্জের লৌহজংয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :
ঢাকা : মৎস্য ভবন মোড় এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রেজিয়া খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন তার মেয়ে রিনা আক্তার (৩০)। গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। রেজিয়া খাতুন পাবনার সুজানগর উপজেলার নুরউদ্দিনপুর গ্রামের মুক্তিযোদ্ধা রশিদ খানের স্ত্রী। রেজিয়া খাতুনের ছেলে আবুল হাসান জানান, গতকাল বিকেলে বোন রিনার সঙ্গে মিরপুর যাচ্ছিলেন তার মা। পথে মৎস্য ভবন মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে তারা দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মাকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার ওসি মামুনুর রশিদ জানান, দুর্ঘটনায় দায়ী বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মুন্সীগঞ্জ : লৌহজংয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। গতকাল বিকেলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের চন্দ্রেরবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বসুমতি পরিবহনের বাসচালক বাদশা মিয়া ও উপজেলার কুমারভোগ গ্রামের দলিল উদ্দিনের স্ত্রী হেনা বেগম (৬০)। মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ হিলাল উদ্দিন জানান, গতকাল বিকেল ৪টার দিকে বসুমতি পরিবহনের ওই বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের চন্দ্রেরবাড়ি নামক স্থানে প্রচেষ্টা পরিবহনের অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেনা বেগম ও হাসপাতালে নেওয়ার পথে বাসচালক বাদশার মৃত্যু হয়।
চট্টগ্রাম : সীতাকুন্ডে মোটরসাইকেলের ধাক্কায় রিয়া দাস (৬) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। গতকাল বিকেলে উপজেলার বাড়বকু- ইউনিয়নের শুকলালহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। রিয়া ওই এলাকার চন্দন দাসের মেয়ে। বাড়বকুন্ড ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী জানান, গতকাল বিকেল ৫টার দিকে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় রিয়া। পরে তাকে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহতদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।