গাজীপুরে গতকাল সোমবার হোটেল কর্মচারী এক কিশোরের ঝুলন্ত লাশ তার বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ঐশ্য পিরিচ (১৬)। সে গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল থানার হারবাইদ নয়াপাড়া এলাকার লিটন পিরিচের ছেলে।
জিএমপির পুবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গত রবিবার রাতে নিজ ঘরে ঘুমাতে যায় ঐশ্য পিরিচ। পরদিন সোমবার সকালে তার সাড়াশব্দ না পেয়ে তাকে ঘুম থেকে জাগাতে ছোট ভাই ওই কক্ষে যায়। এ সময় সে বিছানার চাদর দিয়ে ঘরের আড়ের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঐশ্য পিরিচের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নিহত ঐশ্য পিরিচ স্থানীয় এক রেস্টুরেন্টে চাকরি করত।